প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব
মাসুম, স্টাফ রিপোর্টার ||
তীব্র সমালোচনা ও মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আপত্তির মুখে আবারও পরিবর্তন করা হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ। অন্তর্বর্তী সরকারের সময় প্রবর্তিত রঙের পরিবর্তে নতুন রঙের পোশাকের প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এই চিঠিতে ইউনিফর্মের রঙ পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং প্রস্তাবিত রঙের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।চিঠিতে জানানো হয়, বর্তমানের শার্টের রঙ 'আয়রন' (Iron TC) এবং প্যান্টের রঙ 'কফি' (Coffee TC) প্রবর্তনের পর মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব লক্ষ্য করা গেছে। এছাড়া বাহিনীর ভেতর ও বাইরে এই রঙের সংমিশ্রণ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এই প্রেক্ষাপটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন নমুনা পর্যালোচনা করে নতুন রঙের প্রস্তাবনা তৈরি করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য আলাদা রঙের প্রস্তাব করা হয়েছে:মেট্রোপলিটন পুলিশ: সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রঙ হবে লাইট অলিভ (Light Olive TC) এবং প্যান্টের রঙ হবে খাকি (TC Twill Khaki)।জেলা ও অন্যান্য পুলিশ: র্যাব, সিআইডি, এসবি ও এপিবিএন ব্যতীত অন্যান্য সকল পুলিশের ক্ষেত্রে শার্টের রঙ হবে ডিপ ব্লু (Deep Blue TC) এবং প্যান্টের রঙ হবে খাকি (TC Twill Khaki)।নতুন এই পোশাক কার্যকর করার জন্য 'পুলিশ ড্রেস রুলস, ২০২৫' (Police Dress Rules, 2025) এর বিধি ৪ এবং বিধি ৭ এর বেশ কিছু উপ-বিধি সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। চিঠির সাথে প্রয়োজনীয় সংশোধনীসহ একটি খসড়া প্রজ্ঞাপনও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।ইউনিফর্ম পরিবর্তনের আর্থিক দিক নিয়ে চিঠিতে বলা হয়েছে, পুলিশের পোশাক নিয়মিত প্রাপ্যতার ভিত্তিতে সরবরাহ করা হয়। তাই এই রঙ পরিবর্তনের ফলে সরকারের ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।উল্লেখ্য, গত কয়েক মাস আগে পুলিশের দীর্ঘদিনের পরিচিত রঙ বদলে নতুন রঙ প্রবর্তন করা হয়েছিল, যা নিয়ে খোদ পুলিশ সদস্যদের মধ্যেই অস্বস্তি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রজ্ঞাপন জারির পর নতুন এই প্রস্তাবনা কার্যকর হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল