প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
দশ বছর পর গ্রেফতার, তনু হত্যা মামলায় নতুন মোড়!
নিজস্ব প্রতিবেদক ||
দেশজুড়ে আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই মামলায় প্রথম কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার বিকেলে কুমিল্লা সদর কগনিসেন্স কোর্ট-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই রিমান্ড আদেশ প্রদান করেন।মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন হাফিজুর রহমানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘ এক দশক পর এই মামলায় কাউকে গ্রেপ্তার করায় বিচারিক প্রক্রিয়ায় নতুন মোড় আসবে বলে ধারণা করা হচ্ছে।পিবিআই ঢাকার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। তনু হত্যার রহস্য উদঘাটনে তাকে দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের কাছের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ এই ১০ বছরে ডিবি ও সিআইডি মামলাটি তদন্ত করলেও কোনো কূলকিনারা করতে পারেনি। পরবর্তীতে মামলাটি পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।তনুর পরিবারের দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম কোনো গ্রেপ্তারের সংবাদে স্থানীয় জনমনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তনুর মা-বাবা দীর্ঘদিন ধরে তাদের মেয়ের হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন।তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, রিমান্ডে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই দীর্ঘদিনের অমীমাংসিত হত্যাকাণ্ডের জট খুলতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল