প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এদিন আসামিদের পক্ষে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ডিসচার্জ বা মামলা থেকে অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করেন। শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। যেহেতু আসামিরা পলাতক, তাই আদালত সরকারি খরচে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে।আইনজীবীরা যুক্তি দেন, রাজনৈতিক পরিচয়ের কারণেই শামীম ওসমানসহ ১২ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মতে, প্রসিকিউশন এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়েরও শক্ত কোনো অভিযোগ উপস্থাপন করতে পারেনি। এ কারণে তারা মামলা থেকে অব্যাহতি চান।অন্যদিকে, প্রসিকিউশন এই আবেদনকে বিরোধিতা করে। তাদের দাবি, আসামিদের পক্ষের আইনজীবীর ভূমিকা নিরপেক্ষ নয় এবং তিনি একাধিক আসামির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আবেদনে “জুলাই গণঅভ্যুত্থান” প্রসঙ্গকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং ফরমাল চার্জের বাইরে নানা বিষয় যুক্ত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর ট্রাইব্যুনাল আগামী ৫ মে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন নির্ধারণ করে।এ মামলায় শামীম ওসমান ছাড়াও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসি টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।এর আগে ১৯ এপ্রিল রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের আবেদন নিয়ে শুনানি শেষ করে তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে। অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতায় মোট ১০ জন নিহত হন।চলতি বছরের ১৯ জানুয়ারি এই ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিনে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল