প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
ঢাকার সীমানা বাড়ছে, যুক্ত হচ্ছে নতুন এলাকা
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন থাকা প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল প্রকল্পটি তিনটি জেলার আওতায় থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর ফলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা যাচ্ছে না, পাশাপাশি স্থানীয় সরকার সেবাও সীমিত হয়ে পড়েছে।এ ছাড়া, সিটি করপোরেশনের আওতার বাইরে থাকায় ঢাকা ওয়াসার পানি ও পয়োনিষ্কাশন সুবিধাও পাওয়া যাচ্ছে না। ফলে জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন নির্মাণ-সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ নাগরিক সেবা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।সরকার মনে করছে, প্রকল্প এলাকাকে ডিএমপির আওতায় আনলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে ওয়াসার অধীনে আনলে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।এ প্রেক্ষাপটে, নাগরিক সেবা সম্প্রসারণ ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করাকে যৌক্তিক হিসেবে বিবেচনা করেছে সরকার। এসব বিষয় বিবেচনায় নিয়েই মন্ত্রিসভা প্রস্তাবগুলোতে নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল