প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে না ইরান কড়া বার্তা তেহরানের
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে বসার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সব ধরনের গুঞ্জন নাকচ করে দিয়ে তেহরান তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে।এদিকে কূটনৈতিক সফরের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এই সফরটি মূলত মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ ও সুনির্দিষ্ট বক্তব্যগুলো পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ’ বন্ধের উপায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন আরাগচি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলো বিশেষ গুরুত্ব পাবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ হয়ে গেলেও, আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদের এই মধ্যস্থতাকারী ভূমিকা এখন আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল