প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি: আন্তর্জাতিক মহলে তোলপাড়
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই দেশটিকে ঘিরে একটি উদ্বেগজনক ভ্রমণ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' জারি করেছে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও এনএএসিপিসহ একাধিক সংস্থা যৌথভাবে এই সতর্কবার্তা প্রকাশ করে জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রে আগত বিদেশি সাংবাদিক, খেলোয়াড় এবং দর্শনার্থীরা বর্ণবৈষম্য কিংবা অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হতে পারেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালাকে এই উদ্বেগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।মানবাধিকার কর্মীদের আশঙ্কা, বিশেষ করে অভিবাসী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আইনি জটিলতা ও সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিমানবন্দরে তল্লাশির নামে ভ্রমণকারীদের মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে। এছাড়া বর্ণগত প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো বা অন্যায্যভাবে আটকে রাখার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি অভিবাসন কেন্দ্রে দীর্ঘ সময় আটকে রাখা কিংবা সেখানে অমানবিক আচরণের শিকার হওয়ার মতো নেতিবাচক অভিজ্ঞতার বিষয়েও সতর্ক করা হয়েছে।সংগঠনগুলো দাবি করছে, বর্তমান প্রশাসনের অভিবাসন নীতি এবং সংখ্যালঘু ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সুরক্ষা ব্যবস্থায় ঘাটতি থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে দর্শকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। যদিও ফিফা বরাবরই মানবাধিকার রক্ষায় তাদের অঙ্গীকারের কথা বলে আসছে, তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন এই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। তাদের মতে, বিশ্বকাপকে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার সাথে সাংঘর্ষিক। ফলে মেগা ইভেন্টটি শুরুর আগেই মানবাধিকার ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল