প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের নাশকতার আশঙ্কায় জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার এই নির্দেশনা দেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা এই চিঠিতে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে প্রশাসনকে বিশেষ তৎপর থাকতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি নিরাপত্তা বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, সদস্যদের ওপর হামলা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার মতো দুঃসাহসিক পরিকল্পনার ইঙ্গিতও পেয়েছেন গোয়েন্দারা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এই চক্রের সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য বর্তমানে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। উদ্ভূত এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কেপিআইভুক্ত এলাকাগুলোতে যাতায়াত ও অবস্থান কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা নস্যাৎ করে দিতে সারা দেশে গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বিশেষায়িত ইউনিটগুলো। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্পর্শকাতর এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল