প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার কমিউনিটিতে শোকের ছায়া
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তার ভাই জাহিদ হাসান প্রান্ত এই হৃদয়বিদারক সংবাদটি জনসমক্ষে আনেন। নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণা করছিলেন। তার এই অকাল প্রয়াণে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বৃষ্টির ভাই জাহিদ হাসান জানান, পুলিশ তাকে ফোন করে জানিয়েছে যে একটি বাসার ভেতর থেকে উদ্ধারকৃত মরদেহের খণ্ডাংশের ডিএনএ নমুনার সাথে নাহিদার মিল পাওয়া গেছে। তবে পুরো মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত পরিবারের সদস্যরা।এর আগে একই ঘটনায় নিখোঁজ থাকা অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামে ২৬ বছর বয়সী এক মার্কিন যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন বলে জানা গেছে। শুক্রবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। বর্তমানে অভিযুক্ত ওই যুবককে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংসতার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল