প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্প প্রশাসনকে পাশ কাটিয়ে মার্কিন আদালতের রায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে!
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর অবস্থানকে কার্যত পাশ কাটিয়ে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াইয়ের পথ প্রশস্ত করল যুক্তরাষ্ট্রের একটি আদালত। দীর্ঘ টালবাহানা আর আইনি জটিলতা শেষে ওয়াশিংটন শেষ পর্যন্ত তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার বর্তমান সরকার এখন কারাবন্দি মাদুরো এবং তার স্ত্রীর আইনজীবীদের পাওনা পরিশোধ করতে পারবে, যা মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়াকে সচল রাখার ক্ষেত্রে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।গত শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতের নথিপত্র থেকে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা পড়ে মাদুরোর আইনজীবী নিয়োগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বিবাদীপক্ষ তাদের আইনি ফি পরিশোধ করতে না পারায় পুরো মামলাটিই খারিজ হওয়ার উপক্রম হয়েছিল।ঘটনার সূত্রপাত চলতি বছরের ৩ জানুয়ারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক নাটকীয় অভিযানে ৬৩ বছর বয়সি মাদুরো এবং তার স্ত্রী ৬৯ বছর বয়aসি সিলিয়া ফ্লোরেস নিজ বাসভবন থেকে বন্দি হন। গ্রেপ্তারের পরপরই তাদের বিমানে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে ব্রুকলিনের একটি কারাগারে বন্দি এই দম্পতির বিরুদ্ধে নার্কো-টেরোরিজম বা মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে প্রথম থেকেই তারা নিজেদের নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।মাদুরোর প্রধান আইনজীবী ব্যারি পোল্যাক গত ফেব্রুয়ারিতে ম্যানহাটনের জেলা জজ আলভিন হেলারস্টাইনের কাছে মামলাটি খারিজের আবেদন করেন। তার যুক্তি ছিল, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা সরকার ফি পরিশোধ করতে পারছে না, যা একজন আসামির পছন্দের আইনজীবী নিয়োগের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। পোল্যাক দাবি করেন, এই বাধা মার্কিন সংবিধানের ষষ্ঠ সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আদালতকে স্পষ্ট জানান যে, মাদুরো বা তার স্ত্রীর ব্যক্তিগতভাবে এই বিপুল আইনি খরচ বহনের সামর্থ্য নেই, তবে ভেনেজুয়েলার বর্তমান সরকার এই ব্যয়ভার নিতে ইচ্ছুক।মার্কিন বিচারব্যবস্থার নিয়ম অনুযায়ী, নাগরিকত্ব নির্বিশেষে যে কেউ সে দেশের মাটিতে বিচারের মুখোমুখি হলে সমান সাংবিধানিক অধিকার ভোগ করবেন। গত ২৬ মার্চের শুনানিতে বিচারক হেলারস্টাইন মামলাটি সরাসরি খারিজ না করলেও সরকারের অনড় অবস্থানের প্রতি সংশয় প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, একজন আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। কাউকে বিচারের মুখোমুখি করে আবার তার আইনি সহায়তার পথ বন্ধ করে দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি—বিবাদীপক্ষের এই যুক্তির সঙ্গে আদালত একাত্মতা পোষণ করে।যদিও সরকারি কৌঁসুলি কাইল উইরশবা যুক্তি দিয়েছিলেন যে, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে এবং বিচার বিভাগ ট্রেজারি ডিপার্টমেন্টের এখতিয়ারে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু বিচারক হেলারস্টাইন সেই যুক্তি খণ্ডন করে বলেন, মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে দুই দেশের মধ্যে বরফ গলতে শুরু করার বিষয়টিও তিনি উল্লেখ করেন। বিচারক সাফ জানিয়ে দেন, মাদুরো এখন মার্কিন হেফাজতে রয়েছেন এবং তিনি আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। এই মুহূর্তে সবকিছুর ঊর্ধ্বে আসামির আইনজীবী পাওয়ার অধিকারটি গুরুত্বপূর্ণ।বিচারকের এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত মার্কিন প্রশাসন নমনীয় হতে বাধ্য হয়। মাদুরোর বিরুদ্ধে এই লড়াইয়ের গোড়াপত্তন হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে, যখন দুর্নীতি ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে ভেনেজুয়েলার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এবং ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে পুরস্কার ঘোষণার মাধ্যমে দুই দেশের উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। দীর্ঘদিনের সেই রাজনৈতিক ও কূটনৈতিক সংঘাত এখন নিউ ইয়র্কের আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে।মাদুরো শুরু থেকেই এই মামলাকে ভিত্তিহীন এবং ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের মার্কিন চক্রান্ত হিসেবে অভিহিত করে আসছেন। ক্ষমতা হারিয়ে বন্দি জীবনে থাকলেও আদালতের এই নতুন সিদ্ধান্তের ফলে তিনি অন্তত তার পছন্দের আইনজীবীর মাধ্যমে লড়ার সুযোগ পেলেন। মার্কিন আদালতের এই নজিরবিহীন সিদ্ধান্তের পর এখন সবার নজর থাকবে মাদক পাচারের এই বহুল আলোচিত মামলার ভবিষ্যৎ পরিণতির দিকে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল