প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
আরব
সাগরে ইরানের তথাকথিত ‘ছায়া বহর’ বা
‘শ্যাডো ফ্লিট’–এর ওপর নজরদারি
জোরদার করার অংশ হিসেবে
বড় ধরনের অভিযানে চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার
ভোরে এক রুদ্ধশ্বাস অভিযানে
শত শত কোটি ডলার
মূল্যের জ্বালানি তেল ও গ্যাসজাত
পণ্যবাহী একটি ইরানি জাহাজ
আটক করা হয়েছে। আন্তর্জাতিক
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন
এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আনুষ্ঠানিক বিবৃতি থেকে এই চাঞ্চল্যকর
তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সেন্টকম
জানিয়েছে, আটককৃত জাহাজটির নাম ‘এমভি সেভান’। এটি মূলত
আন্তর্জাতিক বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইরানি জ্বালানি পরিবহন করছিল। আরব সাগরে টহলরত
মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটিকে
প্রথমে শনাক্ত করে এবং পরে
এর গতিপথ রোধ করে কমান্ডো
অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি
মার্কিন পাহারায় পুনরায় ইরানের উপকূলের দিকে ফিরিয়ে নিয়ে
যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই
জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত
হচ্ছিল।
এই
ঘটনার প্রেক্ষাপট অত্যন্ত গভীর। চলতি মাসের শুরুতেই
মার্কিন প্রশাসন ঘোষণা করেছিল যে, ইরানের বন্দরগুলো
থেকে আসা বা যাওয়া
যেকোনো সন্দেহভাজন জাহাজ তারা আটকে দেবে
কিংবা ফিরিয়ে দেবে। সেই ঘোষণার অংশ
হিসেবেই সেন্টকম এখন ইরানের ওপর
নৌ-অবরোধ আরও কঠোরভাবে কার্যকর
করার দাবি করছে। সমুদ্রপথে
ইরানের জ্বালানি বাণিজ্যের ওপর এমন সরাসরি
হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে
যেতে পারে বলে মনে
করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের
মতে, লোহিত সাগর ও আরব
সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই জাহাজ
আটকের ঘটনা তেহরান ও
ওয়াশিংটনের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে এই
বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক
প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, অতীতে
এমন ঘটনার জবাবে তারা ওমান উপসাগরে
পাল্টা ব্যবস্থা নিয়েছে। ফলে এই অভিযান
কেবল একটি জাহাজ আটকের
মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক
জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করতে পারে।
সূত্র:
আল জাজিরা এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল