প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হাফেজ আহমেদ সজীব নামে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সজীব মগধরা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী সজীবের গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।আহত সজীবের দাবি, জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বেশ কিছুদিন ধরে ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন বলে উল্লেখ করেন।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা জামায়াতের সভাপতি দিদারুল ইসলাম ফিরোজ ও সেক্রেটারি আবু তাহের। এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদার। তিনি বলেন, "গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।তথ্যসূত্র: সন্দ্বীপ থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল