প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীর মৃত্যু: ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আকস্মিক মৃত্যু এবং সেই ঘটনায় শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সকল প্রকার একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।ঘটনার সূত্রপাত গত রোববার, যখন রাজধানীর উত্তর বাড্ডার নিজ বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে মুনিরা একটি চিরকুট লিখে যান, যেখানে সুদীপ চক্রবর্তীর নাম এবং তাকে ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়সহ কিছু ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত ছিল। এই চিরকুট পাওয়ার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মুনিরার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশ ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বিভাগীয় বিশেষ একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্তে বলা হয়েছে, মেধাবী শিক্ষার্থী মুনিরার মৃত্যুতে পুরো বিভাগ শোকস্তব্ধ। অন্যদিকে, একজন শিক্ষক ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী আইনি ফলাফলের ওপর নজর রাখছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা মুনিরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট থানার মামলা সংক্রান্ত নথিপত্র।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল