প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
বিরোধী দলের প্রবল আপত্তি উপেক্ষা করেই সংসদে পাস হলো বহুল আলোচিত দুই বিল
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে আজ এক গুরুত্বপূর্ণ আইনগত পরিবর্তন এসেছে। বিরোধী দলের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যেই কণ্ঠভোটে পাস হয়েছে 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬' এবং 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬'। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি সংসদের অধিবেশনে উত্থাপন করেন।প্রস্তাবিত বিল দুটির মূল আলোচ্য বিষয় ছিল এই দুই নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগের বয়সসীমা। বিদ্যমান আইন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বা কমিশনার পদে কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে তিনি নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হতেন। একইভাবে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে চেয়ারম্যান বা সদস্য পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। আজ সংসদীয় অনুমোদনের মাধ্যমে উভয় আইনের এই বয়সসংক্রান্ত বিধানটি পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে।বিলটি পাসের আগে বিরোধী দলের সংসদ সদস্যরা এর তীব্র সমালোচনা করেন এবং জনমত যাচাইয়ের দাবি জানান। তবে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তি দেন যে, দেশের পুঁজিবাজার ও বীমা খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে অভিজ্ঞ, দক্ষ এবং জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মেধা কাজে লাগানো প্রয়োজন। তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, অভিজ্ঞ ব্যক্তিদের নীতিনির্ধারণী পর্যায়ে সুযোগ করে দিতেই আইন দুটি সময়োপযোগী করা হয়েছে। বিরোধীদের আপত্তির মুখেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল