প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ফর্মুলা যুক্তরাষ্ট্রকে ১৪ দফার 'শান্তি প্রস্তাব' পাঠাল তেহরান
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তারা কেবল সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, বরং বর্তমান সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান চায়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফার একটি শান্তি প্রস্তাবের পাল্টা জবাব হিসেবেই ইরান এই ১৪ দফার পরিকল্পনাটি পেশ করেছে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।এই কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি জানান, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যেই তারা পাকিস্তানের কাছে এই পরিকল্পনাটি জমা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এখন চূড়ান্ত সিদ্ধান্তের ভার যুক্তরাষ্ট্রের ওপর; তারা কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপন করবে নাকি সংঘাতের পথ বেছে নেবে, তা ওয়াশিংটনকেই নির্ধারণ করতে হবে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা নাকচ করে দিয়ে শর্ত দিয়েছে যে যাবতীয় সমস্যার সমাধান আগামী ৩০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে।ইরানের এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর ও কৌশলগত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান এবং ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সকল মার্কিন বাহিনী প্রত্যাহার করা। এছাড়া ইরানের ওপর থেকে নৌ-অবরোধসহ সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ করা ইরানের সকল সম্পদ হস্তান্তরের দাবিও জানানো হয়েছে। একইসঙ্গে লেবাননসহ মধ্যপ্রাচ্যের সবকটি রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানোকেও এই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।মূল সূত্র: তাসনিম নিউজ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল