প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মদিনা, সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি হজযাত্রী
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি বিশেষ ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (৩ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং সৌদি আরবের হজ অফিসের সমন্বয়ে গঠিত আইটি হেল্প ডেস্ক এই পরিসংখ্যান প্রকাশ করেছে। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে বিরতিহীনভাবে চলছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে অবস্থানকালে এখন পর্যন্ত ৭ জন হজযাত্রী বার্ধক্যজনিত ও স্বাভাবিক কারণে ইন্তেকাল করেছেন। যার মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সৌদি মেডিকেল টিম এবং আইটি হেল্পডেস্ক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং আরও ৯ হাজার ৭৩০ জন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেছেন।এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন। মোট ৬৬০টি এজেন্সির মাধ্যমে পরিচালিত এই হজ কার্যক্রমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সকল হজযাত্রীর ভিসা ইস্যু করার প্রক্রিয়া ইতিমধ্যে শতভাগ সম্পন্ন করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। বিমান সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ২০ হাজার ৪৮৩ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বাকি যাত্রীদের জেদ্দা ও মদিনায় পৌঁছে দেওয়ার কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা বিমানবন্দর দিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে সকল বাংলাদেশি হজযাত্রীর দেশে প্রত্যাবর্তন সম্পন্ন হবে। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তারা দিনরাত নিয়োজিত রয়েছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল