প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
চাদে বোকো হারামের ভয়াবহ তান্ডব, হামলায় ঝরলো ২৩ সেনার প্রাণ
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মধ্য আফ্রিকার দেশ চাদের লেক চাদ অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের এক ভয়াবহ হামলায় অন্তত ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতের এই অতর্কিত হামলায় আরও ২৬ জন সেনা গুরুতর আহত হয়েছেন। বারকা টোলোরম দ্বীপের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই রক্তক্ষয়ী আক্রমণটি চাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে নাইজেরিয়া-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী লেক চাদ-সংলগ্ন ওই দ্বীপে অবস্থানরত সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেকটি ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্ত সংযোগস্থলে অবস্থিত, যা দীর্ঘকাল ধরেই বিদ্রোহীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে হামলার পরপরই চাদের সেনাবাহিনী পাল্টা অভিযানে নামে এবং এতে আক্রমণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত হয় বলে দাবি করেছে তারা। শেষ পর্যন্ত হামলাকারীদের পিছু হটিয়ে ঘাঁটিটি পুনর্দখল করতে সক্ষম হয় দেশটির সামরিক বাহিনী।এই বর্বরোচিত ঘটনার পর চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাতুর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অঙ্গীকার করেছেন যে, সন্ত্রাসবাদের এই হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সরকারি বাহিনীর ওপর বোকো হারামের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরেও এক বড় ধরনের হামলায় প্রায় ৪০ জন সেনা প্রাণ হারিয়েছিলেন।বিশ্লেষকরা বলছেন, বোকো হারামের জেএএস শাখা বর্তমানে এই দ্বীপাঞ্চল ও নাইজারের সীমান্তবর্তী এলাকায় তাদের অপহরণ ও নাশকতামূলক কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লেক চাদের বিস্তীর্ণ জলাভূমি অঞ্চলগুলো বোকো হারামের পাশাপাশি তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএসডব্লিউএপি-রও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তেলসমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, একের পর এক অভ্যুত্থান এবং সশস্ত্র বিদ্রোহের কারণে চাদ এখনো অর্থনৈতিকভাবে চরম স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটিকে আফ্রিকার অন্যতম দরিদ্র রাষ্ট্রে পরিণত করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল