প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
একসঙ্গে ৫ জনকে গলা কেটে হত্যাকাণ্ডের পেছনে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ!
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের কর্তা ফোরকান মিয়া জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রাম-এ প্রবাসী মনির হোসেন-এর বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তার তিন কন্যা মীম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া।ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশ জানায়, ফোরকানের স্ত্রীকে জানালার সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়ে ছিল শিশু সন্তানদের রক্তাক্ত মরদেহ। অন্যদিকে খাটের ওপর পাওয়া যায় শ্যালকের মরদেহ। পুরো বাড়িজুড়ে ছড়িয়ে ছিল রক্তের দাগ, যা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের দাবি, হত্যাকাণ্ডের পর ফোরকান মিয়া নিজেই গোপালগঞ্জে থাকা শ্বশুরবাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের ‘শেষ করে দেওয়া হয়েছে’ বলে জানান। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর পাশেই কাগজগুলো পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো মামলার নথিপত্র বা ব্যক্তিগত বিরোধ সংক্রান্ত কাগজ হতে পারে।আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাগজপত্র এবং আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফোরকানের সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া ঘরের ভেতর রান্না করা সেমাই, কোকাকোলা এবং একটি মদের বোতলও পাওয়া গেছে। খাবারের সঙ্গে কোনো চেতনানাশক পদার্থ মেশানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, পুরো ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজন ও প্রতিবেশীরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক ফোরকানকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল