প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
রাজধানীতে ট্রেনে ছিনতাই আতঙ্ক!
আকাশ মোল্লা, স্টাফ রিপোর্টার ||
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন ওমর ফারুক শাওন (২৬) নামে এক যাত্রী। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।আহত শাওন গাজীপুরের মৌচাক এলাকার বাসিন্দা এবং ইউসুফ সরদারের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শুক্রবার রাতে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেলস্টেশন থেকে একটি ট্রেনে ওঠেন তিনি। ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর এগিয়ে যাওয়ার পরই কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।শাওনের স্বজনদের ভাষ্য অনুযায়ী, চারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। পরে তার কাছে থাকা প্রায় ৩ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাটির পর ট্রেনের ভেতরে থাকা অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।আহতের শ্বশুর নাহিদ হাসান জানান, রক্তাক্ত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই ও যাত্রীদের ওপর হামলার ঘটনা নতুন নয়। বিশেষ করে রাতের দিকে বিভিন্ন রুটে ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা প্রায়ই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আসছেন। সাম্প্রতিক এই ঘটনার পর আবারও ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যাত্রীদের দাবি, রেলস্টেশন ও ট্রেনে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো জরুরি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল