প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
পুলিশে বিশৃঙ্খলা বরদাস্ত নয়: চেইন অব কমান্ড ভাঙলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর!
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গকে প্রশ্রয় দেবে না। বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, অভিযান ও তদন্তে আরও বেশি স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের কিছু ইউনিটে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে সব পর্যায়ে এ প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে অভিযান, জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম রেকর্ডভুক্ত থাকে এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।মানবাধিকার ইস্যুকে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ দমন কিংবা তদন্ত পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্ত কার্যক্রম পরিচালনার সময় মানবাধিকারের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব ও কৌশলগত দক্ষতার মাধ্যমে এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের অধিকার ক্ষুণ্ন না হয় এবং বাহিনীর ভাবমূর্তিও অক্ষুণ্ন থাকে।দেশের পর্যটন খাতের উন্নয়নে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করা সম্ভব হয়নি। দেশের ভাবমূর্তির সঙ্গে এ বিষয়টি সরাসরি জড়িত উল্লেখ করে টুরিস্ট পুলিশকে আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। জনগণের সঙ্গে আস্থা, বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাও এখন পুলিশের বড় দায়িত্ব। তিনি পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।তিনি সতর্ক করে বলেন, বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে হবে। চেইন অব কমান্ড অমান্য বা ভাঙার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল