প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশির!
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি কর্মীরা। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ বাংলাদেশি, যারা জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশটিতে কাজ করছিলেন। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে নাবাতিয়েহ অঞ্চলের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। তারা দুজনই লেবাননে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামলার সময় তারা যে আবাসস্থলে অবস্থান করছিলেন, সেটিই ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্থানীয় উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করে নাবাতিয়েহর নাবিহ বেররি হাসপাতালে নিয়ে যায়।বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। শোকবার্তায় দূতাবাস নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।এর আগে গত ৮ এপ্রিলও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান এক বাংলাদেশি নারী শ্রমিক, দিপালী বেগম। চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি হামলার কারণে সেখানে অবস্থানরত বিদেশি শ্রমিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। একই সঙ্গে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে জরুরি সহায়তা দিতে দূতাবাসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে লেবাননে কর্মরত হাজারো বাংলাদেশির জীবন ও জীবিকা নতুন সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল