প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
ঈদের আগে রাজধানীতে ডাকাতচক্র সক্রিয়: ডিবির অভিযানে গ্রেফতার ৫
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ গানপাউডার, হাত বোমা তৈরির সরঞ্জাম এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।গ্রেফতারকৃতরা হলো মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, মো. বাবুল বাবু, আইয়ুব ভূইয়া এবং মো. রোমান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রত্যেকেই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪ থেকে ১৫টি করে মামলা রয়েছে। তারা অত্যন্ত সুকৌশলে বিভিন্ন এলাকায় নিজেদের নাম ও পরিচয় পরিবর্তন করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এই চক্রটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল বিকাশ এজেন্টদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ছিনতাই করা এবং পরবর্তীতে ঢাকার পাশ্ববর্তী একটি জেলার স্বর্ণের দোকানে ডাকাতি সম্পন্ন করা।অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ যাত্রাবাড়ীর একটি ফার্নিচারের দোকানের সামনে ওত পেতে থাকে। ডাকাতরা যখন তাদের পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তাদের ঘেরাও করে আইনের আওতায় আনা হয়। উদ্ধারকৃত ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য থেকে ধারণা করা হচ্ছে, তারা কেবল ডাকাতিই নয়, বরং আতঙ্ক সৃষ্টির জন্য বড় ধরনের বিস্ফোরণের প্রস্তুতিও নিচ্ছিল। গোয়েন্দা প্রধান আরও জানান, বর্তমানে পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী চক্রগুলোর ওপর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।আসন্ন উৎসবের সময় বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। যেকোনো প্রয়োজনে বা বড় অঙ্কের টাকা স্থানান্তরের সময় পুলিশের সহায়তা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে মহাসড়কগুলোতে অপরাধীদের আনাগোনা ঠেকাতে পুলিশের বিশেষ টহল বা পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই চক্রটিকে গ্রেফতারের ফলে সম্ভাব্য বড় কিছু দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। তবে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে গোয়েন্দা বিভাগ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল