প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
মজুত তেল আগের দামেই বিক্রি—ডিসির কঠোর নির্দেশ!
মাসুম, স্টাফ রিপোর্টার ||
দেশজুড়ে জ্বালানি তেলের দাম বাড়লেও সাতক্ষীরার সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর দিয়েছে জেলা প্রশাসন। ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে মজুত থাকা সব ধরণের জ্বালানি তেল আগের নির্ধারিত দামেই বিক্রি করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার।রোববার (১৯ এপ্রিল) এক জরুরি নির্দেশনায় তিনি জানান, নতুন দরে কেনা তেল পাম্পগুলোতে সরবরাহ না আসা পর্যন্ত কোনোভাবেই গ্রাহকদের কাছ থেকে বাড়তি দাম আদায় করা যাবে না।জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত বিশেষ তদারকি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে সাতক্ষীরার ২৯টি ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে: ডিজেল: ১,০১,৪৩২ লিটার, পেট্রোল: ৫৪,৪৮৫ লিটার, অকটেন: ২২,৬৮৩ লিটারজেলা প্রশাসক আফরোজা আকতার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৯ এপ্রিল থেকে ডিপো থেকে সরবরাহ করা তেলের ক্ষেত্রে নতুন দাম কার্যকর হবে। তবে পাম্পগুলোতে আগে থেকে সংরক্ষিত তেল আগের দামেই বেচতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "ডিপো থেকে নতুন তেল আসার আগ পর্যন্ত কোনো পাম্প যদি সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি দাম রাখার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পাম্পগুলোতে তদারকি চালাবেন। কোনো ধরণের কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছে জেলা প্রশাসন।জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই সন্ধিক্ষণে প্রশাসনের এমন তড়িৎ ও জনবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাতক্ষীরার সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল