দিকপাল

৪৩ ঘণ্টায় দুই খুন: ফের গুলিতে প্রাণ হারালেন বিএনপি কর্মী, জনপদে আতঙ্ক

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ০২:১০ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪৩ ঘণ্টায় দুই খুন: ফের গুলিতে প্রাণ হারালেন বিএনপি কর্মী, জনপদে আতঙ্ক

চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন নাছির উদ্দীন (৫৫) নামে বিএনপির আরও এক কর্মী। মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে এলাকায় এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। গত রোববার দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। এর আগে গত শুক্রবার মধ্যরাতে কাউসারুজ্জামান বাবলু নামে দলটির আরেক কর্মীকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল।

নিহত নাছির উদ্দীন ৮ নম্বর কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাছিরের বাড়ির পাশ থেকে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, নাছিরের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। গত দুই দিনের ব্যবধানে হওয়া দুটি খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত এক বছর আট মাসে রাউজানে মোট ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এর মধ্যে ১৬টি খুনের নেপথ্যেই রয়েছে রাজনৈতিক বিরোধ এবং নিহতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঘনঘন এসব হত্যাকাণ্ডে পুরো জনপদে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

তথ্যসূত্র: চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও রাউজান থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

৪৩ ঘণ্টায় দুই খুন: ফের গুলিতে প্রাণ হারালেন বিএনপি কর্মী, জনপদে আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল